আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট

আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
৪ মার্চ, ২০২৬ ০০:২০  

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।

ইউএস-বাংলা জানিয়েছে, প্রথম ফ্লাইটটি ৪ মার্চ, বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

অপর বিশেষ ফ্লাইটটি ৫ মার্চ, বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

এই বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজে পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

৪ মার্চ প্রথম প্রহরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

টিকেট বুকিং সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬।

ডিবিটেক/এসএ/ইকে