বঙ্গতে ‘গিরগিটি’

বঙ্গতে ‘গিরগিটি’
১৭ অক্টোবর, ২০২৫ ০০:৪০  
১৭ অক্টোবর, ২০২৫ ০৮:২১  

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেলো অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘গিরগিটি’। মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য আর মিথ্যার কঠিন ফারাক তুলে ধরার ভাবনা নিয়ে ১৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে থ্রিলার ঘরনার ওয়েব ছবিটি মুক্তি দেন ‘আগামীর নির্মাতা’ জয়ী লস্কর নিয়াজ মাহমুদ। 

সিরিজটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে। আর আ স ম রাহাত মেহেদি হকের গল্প থেকে গিরগিটির চিত্রনাট্য করেছেন জ্যোতির্ময় রায়।

একসময়ের শান্ত শহর বিরলপুর মাদকের আখড়া হয়ে ওঠা এবং এই শহরের প্রবেশের এক নির্জন মহাসড়কে নৃশংস হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় গিরগিটি থ্রিলারটির গল্প।  হত্যার শিকার ব্যক্তিটি করপোরেট ঢঙে মাদক ব্যবসায় পরিচালানকারী শহরের প্রভাবশালী ব্যবসায়ী চৌধুরী সাহেব এর ঘনিষ্টজন। ফলে তার এই হত্যাকাণ্ডে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী (ইরফান সাজ্জাদ)। তদন্তে তিনি এক ভয়ংকর করপোরেট মাদক চক্রের সন্ধান পেলেও ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন বিপজ্জনক জালে। এরপর একে একে খুন হতে থাকে আরও কয়েকজন, এমনকি থানার ভেতরও ঘটে হত্যাকাণ্ড। তখন প্রশ্ন ওঠে খুনি কি পুলিশেরই কেউ? এমন শঙ্কার মধ্যে কে শিকার আর কে শিকারি—সেই রহস্যের জট খুলতেই এগিয়ে যায় এই থ্রিলারের গল্প।

এই থ্রিল নিয়ে পরিচালক লস্কর নিয়াজ বলেন, 'কোনো অতিমানবীয় গোয়েন্দা নয়, বরং আমাদের আশেপাশের চরিত্রদের নিয়ে একটি মানবিক গল্প বলতে চেয়েছি।'