অবসরে গেলেন মাইক্রোসফটের গেমিং প্রধান ফিল স্পেনসার
মাইক্রোসফট গেমিং-এর প্রধান নির্বাহী ফিল স্পেনসার অবসরে যাচ্ছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সত্য নাদেলা এক অভ্যন্তরীণ ইমেলে এই তথ্য নিশ্চিত করেছেন। স্পেনসারের স্থলাভিষিক্ত হচ্ছেন মাইক্রোসফটের কোরএআই বিভাগের প্রধান আশা শর্মা। একই সঙ্গে এক্সবক্সের প্রেসিডেন্ট সারা বন্ডও পদত্যাগ করছেন। খবর এনগ্যাজেট।
নাদেলা কর্মীদের পাঠানো বার্তায় বলেন, “আমি গেমিং ও আমাদের ভোক্তাকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষায় এর ভূমিকা নিয়ে আশাবাদী। আশা শর্মা মাইক্রোসফট গেমিং-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবেন।”
শর্মা এর আগে ইনস্টাকার্টের চিফ অপারেটিং অফিসার এবং মেটার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। নাদেলা জানান, শর্মার অভিজ্ঞতা গেমিং ব্যবসাকে নতুন উচ্চতায় নিতে সহায়তা করবে ।
স্পেনসার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শর্মার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি লেখেন, “আমি আশা শর্মার জন্য খুবই আনন্দিত। তিনি অসাধারণ এক দলে যোগ দিচ্ছেন। আমাদের এক্সবক্স কমিউনিটি আগামী দিনেও ভালোভাবে পরিচর্যা পাবে বলে আমি আশাবাদী।”
এই পুনর্গঠনের অংশ হিসেবে এক্সবক্স গেম স্টুডিওসের প্রধান ম্যাট বুটি পদোন্নতি পেয়ে প্রধান কনটেন্ট অফিসার (চিফ কনটেন্ট অফিসার) হচ্ছেন এবং তিনি সরাসরি শর্মার কাছে রিপোর্ট করবেন।
অন্যদিকে স্পেনসারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত সারা বন্ড মাইক্রোসফট ছেড়ে ‘নতুন অধ্যায়’ শুরু করবেন বলে জানানো হয়েছে। বন্ড এখনো পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।
১৯৮৮ সালে মাইক্রোসফটে যোগ দেওয়া স্পেনসার ২০০১ সাল থেকে এক্সবক্সের সঙ্গে যুক্ত। ২০১৩ সালে গেমিং ব্র্যান্ডের দায়িত্ব নেওয়ার পর ২০১৭ সালে গেমিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ২০২২ সালে মাইক্রোসফট গেমিং-এর প্রধান নির্বাহী হন। তার সবচেয়ে বড় অর্জন ছিল ‘গেম পাস’ চালু করা এবং ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে একাধিক স্টুডিও অধিগ্রহণ, যার মধ্যে ডাবল ফাইন ও ৬৮.৭ বিলিয়ন ডলারের অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনা অন্যতম।
তবে চলতি কনসোল প্রজন্মে সনি ও নিনটেন্ডোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে মাইক্রোসফট। গেমিং বিভাগ ব্যাপক ছাঁটাই করেছে, ২০২৫ জুড়ে আয় কমেছে এবং কনসোল ও গেম পাসের দাম বাড়ানো হয়েছে।
নাদেলার ঘোষণায় অন্তর্ভুক্ত শর্মার ইমেলে ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত না থাকলেও তিনি ‘দারুণ গেম’ তৈরির ধারা অব্যাহত রাখা, মূল এক্সবক্স ভক্তদের অগ্রাধিকার দেওয়া এবং নতুন ব্যবসায়িক মডেল উদ্ভাবনের প্রতিশ্রুতি দিয়েছেন।
ডিবিটেক/বিএমটি







