‘ফ্যামিলি কার্ডে’ দুর্নীতি রুখতে ব্যবহৃত হবে প্রযুক্তি
নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ক্ষেত্রে আধুনি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিন পর্যায়ে কঠোর পর্যবেক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
২২ ফেব্রুয়ারি, রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা রয়েছে। দুইজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীসহ ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।
জাহিদ হোসেন বলেন, কার্ড বিতরণের পুরো প্রক্রিয়াটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এতটাই স্বচ্ছ করা হবে, যাতে সেখানে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ না থাকে। এটি সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড দেওয়া হবে। পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।







