মোবাইল ব্যবহার নিষিদ্ধের প্রতিবাদে নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও

মোবাইল ব্যবহার নিষিদ্ধের প্রতিবাদে নোয়াখালীতে ইসি অফিস ঘেরাও
৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৫৭  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্তের প্রতিবাদে নোয়াখালীতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সচেতন জুলাই ঐক্য নামে একটি সংগঠন।

 ৯ ফেব্রুয়ারি,  সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী নোয়াখালী জেলা নির্বাচন অফিসের সামনে এই বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করে সংগঠনটি।

বিক্ষোভকারীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

তাদের অভিযোগ, এ ধরনের বিধিনিষেধ মূলত নির্বাচনী কারচুপির একটি ষড়যন্ত্রের অংশ। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে তারা ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যে এই প্রজ্ঞাপন বাতিল করা না হলে আগামীকাল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

ডিবিটেক/ডিএমএন/ইকে