চিপ উৎপাদনের ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রে সরানো ‘অসম্ভব’: তাইওয়ান
তাইওয়ানের সেমিকন্ডাক্টর উৎপাদন সক্ষমতার ৪০ শতাংশ যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার ধারণাকে ‘অসম্ভব’ বলে স্পষ্টভাবে নাকচ করেছে তাইপে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও শুল্ক–আলোচনার প্রধান প্রতিনিধি চেং লি–চুন বলেছেন, কয়েক দশকে গড়ে ওঠা তাইওয়ানের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম অন্যত্র স্থানান্তর করা বাস্তবসম্মত নয়। খবর রয়টার্স।
রবিবার রাতে তাইওয়ানের টেলিভিশন চ্যানেল সিটিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে চেং জানান, যুক্তরাষ্ট্রকে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন—তাইওয়ানের বিজ্ঞান পার্ক বা শিল্পকেন্দ্র সরানোর কোনো পরিকল্পনা নেই। তাঁর ভাষায়, দেশের ভেতরেই সেমিকন্ডাক্টর সক্ষমতা আরও বাড়বে, যদিও আন্তর্জাতিক সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানো হতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেছেন, চীনের কাছাকাছি এলাকায় এত বড় মাত্রায় চিপ উৎপাদন যুক্তরাষ্ট্রের জন্য যুক্তিযুক্ত নয় এবং লক্ষ্য হিসেবে তিনি ৪০ শতাংশ বাজার দখলের কথা উল্লেখ করেন। তবে চেং জোর দিয়ে বলেন, উন্নত উৎপাদন, প্যাকেজিং ও সরবরাহ শৃঙ্খল মিলিয়ে তাইওয়ানের মোট সক্ষমতা যুক্তরাষ্ট্র বা অন্য যেকোনো দেশের বিনিয়োগের তুলনায় অনেক বেশি থাকবে।
উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারক টিএসএমসি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় কারখানা স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগ করছে, তবে তাইওয়ান মনে করছে—মূল ভিত্তি থাকবে দ্বীপ রাষ্ট্রেই।
ডিবিটেক/বিএমটি







