সুপার বোলের মঞ্চে ওপেনএআইকে খোঁচা অ্যানথ্রপিকের

সুপার বোলের মঞ্চে ওপেনএআইকে খোঁচা অ্যানথ্রপিকের
৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:২৮  

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া আসর সুপার বোলকে বেছে নিয়ে প্রতিদ্বন্দ্বী ওপেনএআইকে প্রকাশ্যে খোঁচা দিল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার পরিকল্পনার সমালোচনা করে সুপার বোল এলএক্স–এ কোটি ডলার ব্যয়ে টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করছে অ্যানথ্রপিক।

৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে দেখানো হয়েছে, কীভাবে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় ঢুকে পড়তে পারে বিজ্ঞাপন। শেষ লাইনে স্পষ্ট বার্তা—“এআই–এ বিজ্ঞাপন আসছে, তবে ক্লদে নয়।” ক্লদ হলো অ্যানথ্রপিকের চ্যাটবট।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বিজ্ঞাপনটিকে “বিভ্রান্তিকর” বলে আখ্যা দেন এবং বলেন, ব্যবহারকারীদের আস্থা নষ্ট হয়—এমন কিছু ওপেনএআই করবে না।

বিশ্লেষকদের মতে, লাভজনক না হলেও বাজার দখলের লড়াইয়ে দুই এআই প্রতিষ্ঠানের এই প্রকাশ্য দ্বন্দ্ব তাদের ব্র্যান্ড পরিচিতি বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে সুপার বোলের বিশাল দর্শকসংখ্যাকে কাজে লাগিয়ে এআই নিয়ে সাধারণ মানুষের সংশয় কমানোর চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এই প্রচারণাকে।

ডিবিটেক/বিএমটি