ওপেনএআইয়ে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সফটব্যাংক

ওপেনএআইয়ে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সফটব্যাংক
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:৫৮  

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজের অবস্থান আরও শক্ত করতে ওপেনএআইয়ে অতিরিক্ত বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা করছে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ওপেনএআইয়ে আরও সর্বোচ্চ ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের বিষয়ে আলোচনা চালাচ্ছে।

বিষয়টির সঙ্গে সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে, এই বিনিয়োগ সম্ভাব্য একটি তহবিল সংগ্রহের অংশ, যার মাধ্যমে ওপেনএআই মোট প্রায় ১০০ বিলিয়ন ডলার তুলতে পারে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াতে পারে আনুমানিক ৮৩০ বিলিয়ন ডলারে।

এর আগে গত ডিসেম্বরে ওপেনএআইয়ে ৪১ বিলিয়ন ডলার বিনিয়োগ সম্পন্ন করে সফটব্যাংক, যার মাধ্যমে প্রতিষ্ঠানটিতে তাদের মালিকানা দাঁড়ায় প্রায় ১১ শতাংশে। 

সফটব্যাংকের প্রধান নির্বাহী মাসায়োশি সন কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভবিষ্যৎ প্রযুক্তির কেন্দ্র হিসেবে দেখছেন এবং ওপেনএআইয়ের ওপর ‘অল-ইন’ কৌশল নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে উন্নত এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় বাড়তে থাকা ব্যয়ের চাপ সামলাতে হচ্ছে ওপেনএআইকে। একই সঙ্গে গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতাও তীব্র হচ্ছে। 

সফটব্যাংক ও ওপেনএআই উভয়ই যুক্তরাষ্ট্রে বৃহৎ এআই ডেটা সেন্টার নির্মাণের ‘স্টারগেট’ উদ্যোগের বিনিয়োগকারী, যা এআই দৌড়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি