জোরালো হলো হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা
সাইবার হামলা ও নজরদারির ঝুঁকি কমাতে ব্যবহারকারীদের জন্য নতুন উচ্চ-নিরাপত্তা মোড চালু করছে হোয়াটসঅ্যাপ। ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামের এই সুবিধা মঙ্গলবার থেকে ধাপে ধাপে চালু হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এক ক্লিকেই সক্রিয় করা যাবে এই মোড, যার মাধ্যমে একাধিক বাড়তি সুরক্ষা ব্যবস্থা একসঙ্গে কার্যকর হবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এই মোড চালু করলে অচেনা প্রেরকের পাঠানো ছবি ও ফাইল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে, লিংক প্রিভিউ নিষ্ক্রিয় হবে এবং অজানা নম্বর থেকে আসা কল নীরব (সাইলেন্ট) করা হবে। এসব ফিচারকে উন্নত নজরদারি ও হ্যাকিংয়ের সম্ভাব্য পথ হিসেবে চিহ্নিত করা হয়।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সব ব্যবহারকারীর কথোপকথনই এন্ড-টু-এন্ড এনক্রিপশনে সুরক্ষিত থাকলেও সাংবাদিক, মানবাধিকারকর্মী বা জনসম্মুখে থাকা ব্যক্তিদের জন্য অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হতে পারে।
এর আগে ২০২২ সালে অ্যাপল আইফোন ও ম্যাকের জন্য ‘লকডাউন মোড’ চালু করে, আর গত বছর অ্যান্ড্রয়েডে আসে ‘অ্যাডভান্সড প্রোটেকশন মোড’।
সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ ভিন্নমতাবলম্বী ও কর্মীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও আরও শক্ত সুরক্ষা ব্যবস্থা নিতে উৎসাহিত করবে।
ডিবিটেক/বিএমটি







