কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগের পথে সিঙ্গাপুর

কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগের পথে সিঙ্গাপুর
২৫ জানুয়ারি, ২০২৬ ১৮:০০  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণায় বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে ২০৩০ সাল পর্যন্ত সরকারি পর্যায়ে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। দেশটির সরকার জানিয়েছে, এই সময়ের মধ্যে পাবলিক এআই গবেষণায় ১ বিলিয়ন সিঙ্গাপুর ডলারের বেশি বিনিয়োগ করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৭০০ কোটি টাকার সমান। খবর রয়টার্স।

শনিবার দেশটির ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফরমেশন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই বিনিয়োগের মূল লক্ষ্য হবে দায়িত্বশীল ও সম্পদ-সাশ্রয়ী এআই প্রযুক্তি উন্নয়ন। একই সঙ্গে প্রাক-বিশ্ববিদ্যালয় স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যায় পর্যন্ত এআই–দক্ষ মানবসম্পদ তৈরিতেও জোর দেওয়া হবে।

বিনিয়োগের একটি অংশ শিল্পখাতে এআই প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগে সক্ষমতা বাড়ানোর জন্য ব্যয় করা হবে। এর আগে ২০২৪ সালে সিঙ্গাপুর সরকার এআই উদ্ভাবনের অবকাঠামো গড়ে তুলতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধার জন্য ৫০০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বরাদ্দ দিয়েছিল।

এ ছাড়া জাতীয় কর্মসূচি এআই সিঙ্গাপুরের মাধ্যমে গবেষণা ও উন্নয়নে আরও ৫০০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বিনিয়োগ করা হয়। ২০২৩ সালে এই কর্মসূচির গবেষকেরা ‘সি-লায়ন’ নামে দক্ষিণ-পূর্ব এশীয় ভাষাভিত্তিক একটি ওপেন-সোর্স বড় ভাষা মডেলও উন্মুক্ত করেন, যা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।

ডিবিটেক/বিএমটি