ভয়েস সার্চে বড় আপডেট আনছে গুগল

ভয়েস সার্চে বড় আপডেট আনছে গুগল
২০ জানুয়ারি, ২০২৬ ২০:০০  

দীর্ঘদিন পর অ্যান্ড্রয়েডে গুগল অ্যাপের ভয়েস সার্চে বড় ধরনের নকশাগত পরিবর্তন আনছে গুগল। ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে নতুন এই রিডিজাইন, যা ভয়েস সার্চ অভিজ্ঞতাকে আরও আধুনিক ও পরিষ্কার করে তুলেছে। খবর ৯টু৫ গুগল।

খবরে বলা হয়, এতদিনের পরিচিত চার-ডট ওয়েভফর্ম ইন্টারফেসের জায়গায় এখন দেখা যাচ্ছে মাঝখানে গ্রেডিয়েন্ট রঙের ‘জি’ লোগো, যার পাশে রয়েছে ব্যাক বাটন ও থ্রি-ডট মেনু। এই মেনু থেকেই ভাষা নির্বাচন, স্পোকেন রেজাল্ট চালু বা বন্ধ করা এবং কসমো, নেসো, টেরা ও ক্যাসিনি—এই চারটি ভয়েসের যেকোনো একটি বেছে নেওয়ার সুবিধা মিলছে। ডার্ক থিমেও আনা হয়েছে সূক্ষ্ম পরিবর্তন।

ভয়েস ইনপুটের সময় স্ক্রিনে ‘Listening…’ লেখা দেখা যায় এবং নিচে যুক্ত হয়েছে চার রঙের আর্ক, যা এআই মোড ও সার্চ লাইভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি বড় আকারের ‘Search a song’ বাটনে গান চালু, গুনগুন বা গেয়ে খোঁজার সুবিধাও রাখা হয়েছে।

গুগল অ্যাপের ১৭.১ (স্টেবল) ও ১৭.২ (বেটা) সংস্করণে এই পরিবর্তন দেখা যাচ্ছে, যদিও সবার জন্য এখনো উন্মুক্ত নয়।

ডিবিটেক/বিএমটি