২০২৬ সালে এআইনির্ভর চশমা আনছে ওয়ার্বি পার্কার ও গুগল
ওয়ার্বি পার্কার জানিয়েছে, তারা গুগলের সঙ্গে মিলে হালকা ওজনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট গ্লাস তৈরি করছে, যা ২০২৬ সালে বাজারে আসবে। ‘দ্য অ্যান্ড্রয়েড শো | এক্সআর এডিশন’ অনুষ্ঠানে যৌথভাবে এই ঘোষণা আসে। এর আগে বছরের শুরুর দিকে অংশীদারিত্ব প্রকাশ করা হয়েছিল। খবর রয়টার্স।
বর্তমান অগমেন্টেড রিয়েলিটি ও ওয়্যারেবল প্রযুক্তি বাজারে গুগল নতুন করে পদক্ষেপ নিচ্ছে, যেখানে মেটা ও অ্যাপল আগেই এগিয়ে রয়েছে। মেটা তাদের কুয়েস্ট হেডসেট ও রে-বেন স্মার্ট গ্লাসে বিনিয়োগ বাড়িয়েছে, আর অ্যাপল ভিশন প্রো হেডসেটের মাধ্যমে প্রিমিয়াম স্পেশাল কম্পিউটিং ডিভাইসের বাজার ধরে রেখেছে। এক দশক আগে নিজেদের গ্লাস প্রকল্প বন্ধ করলেও গুগল এবার এআই প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে স্মার্ট আইওয়্যারকে মূলধারায় নেওয়ার চেষ্টা করছে।
ওয়ার্বি পার্কার জানায়, তাদের তৈরি নতুন গ্লাস হবে হালকা ও এআই–সক্ষম, যদিও দাম বা বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গুগল বলেছে, স্যামসাং, জেন্টল মনস্টার ও ওয়ার্বি পার্কারের সঙ্গে তারা স্টাইলিশ ও হালকা স্মার্ট গ্লাস তৈরিতে কাজ করছে। উদ্যোগটিতে দুটি ধরনের ডিভাইস থাকবে—একটি স্ক্রিনবিহীন এআই গ্লাস, যেখানে স্পিকার, মাইক্রোফোন ও ক্যামেরা থাকবে; আরেকটি ডিসপ্লে–যুক্ত এআই গ্লাস, যা নেভিগেশন বা অনুবাদ ক্যাপশন ব্যক্তিগতভাবে দেখাবে।
ডিবিটেক/বিএমটি







