স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স

স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স
১৪ জানুয়ারি, ২০২৬ ১৫:১০  

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী সিইএস (কনজিউমার ইলেক্ট্রনিক্স শো) ২০২৬-এ নিজেদের সর্বশেষ মোবাইল প্রযুক্তি প্রদর্শন করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। সেখানে স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি যুক্ত কনসেপ্ট ফোন দেখানো হয়। 

ইনফিনিক্স জানিয়েছে, এই প্রযুক্তি দুই দিকের ভয়েস কল ও সাধারণ বার্তা আদান-প্রদান সমর্থন করে। স্পিকার মোড বা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করেও কল করা যাবে। প্রাকৃতিক দুর্যোগ, গ্রামাঞ্চলের সংযোগ সমস্যা এবং আউটডোর ব্যবহারের মতো বাস্তব পরিস্থিতিকে সামনে রেখেই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে—যা বাংলাদেশের অনেক অঞ্চলের জন্য প্রাসঙ্গিক।

ইনফিনিক্স আরও জানিয়েছে, তাদের আসন্ন নোট ৬০ সিরিজের স্মার্টফোনগুলোতে এই স্যাটেলাইট যোগাযোগ সুবিধা যুক্ত করা হবে। এই সিরিজের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্নত সংযোগ প্রযুক্তি আরও সহজলভ্য হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

স্যাটেলাইট যোগাযোগের পাশাপাশি, সিইএস ২০২৬-এ ইনফিনিক্স আরও কিছু নতুন প্রযুক্তি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে একটি নতুন লিকুইড কুলিং সিস্টেম, যা গেমিং, ভিডিও স্ট্রিমিং বা এআই-ভিত্তিক ভারী ব্যবহারের সময় ফোনকে ঠান্ডা রাখতে সহায়তা করবে। পাশাপাশি, মডুলার এআই অ্যাকসেসরি সিস্টেম প্রদর্শন করা হয়েছে, যার মাধ্যমে কনটেন্ট তৈরি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অতিরিক্ত ব্যাটারি সাপোর্টের জন্য বিভিন্ন অ্যাকসেসরি যুক্ত করা যাবে।

ডিজাইন ও ব্যবহার অভিজ্ঞতার ক্ষেত্রে ইনফিনিক্স তাদের অ্যাকটিভ ভিজ্যুয়াল ব্যাকপ্লেট প্রযুক্তি তুলে ধরেছে, যা অতিরিক্ত ব্যাটারি খরচ ছাড়াই স্মার্টফোনের পেছনে হালকা ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করতে সক্ষম। পাশাপাশি, গেমিংয়ের জন্য একটি ওয়্যারলেস ম্যাগনেটিক কন্ট্রোলারসহ বিভিন্ন অ্যাকসেসরিও প্রদর্শন করা হয়।

ডিবিটেক/এজেডবি/ ইকে