ওয়ানপ্লাস সিইওর গ্রেপ্তারি পরোয়ানা চাইছে তাইওয়ান
চীনা স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট লাউয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছে তাইওয়ান। দেশটির প্রসিকিউটররা অভিযোগ করেছেন, তাইওয়ানের আইন লঙ্ঘন করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও কর্মী নিয়োগে তিনি জড়িত ছিলেন। খবর রয়টার্স।
তাইওয়ানের শিলিন জেলা প্রসিকিউটর কার্যালয় জানায়, ওয়ানপ্লাসের হয়ে কাজ করার জন্য দুই তাইওয়ানিজ নাগরিককে অভিযুক্ত করা হয়েছে, যারা প্রতিষ্ঠানটির জন্য গোপনে ব্যবসা পরিচালনা এবং ৭০ জনের বেশি কর্মী নিয়োগে সহায়তা করেছেন। এই নিয়োগগুলো স্মার্টফোন সফটওয়্যার অ্যাপ্লিকেশন গবেষণা ও উন্নয়ন, যাচাই এবং পরীক্ষার কাজে যুক্ত ছিল।
প্রসিকিউটরদের মতে, এসব কর্মকাণ্ড তাইওয়ান–চীন সম্পর্ক সংক্রান্ত আইনের লঙ্ঘন। ওয়ানপ্লাসের প্রধান কার্যালয় চীনের শেনঝেনে অবস্থিত এবং ২০২১ সালে এটি ওপ্পোর একটি স্বতন্ত্র সাব-ব্র্যান্ডে পরিণত হয়।
তাইওয়ানের প্রযুক্তিগত দক্ষতা চীনা কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় হওয়ায়, প্রযুক্তি পাচারের ঝুঁকি ঠেকাতে দেশটি এমন নিয়োগ কার্যক্রম কঠোরভাবে দমন করছে।
ডিবিটেক/বিএমটি



