বদলে যাচ্ছে নাথিং
স্মার্টফোন নির্মাতা নাথিং তাদের ব্র্যান্ড পরিচয়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক টিজারে প্রতিষ্ঠানটি নতুন লোগোর আভাস দিয়েছে, যা তাদের পরিচিত ডট-ম্যাট্রিক্স বা পিক্সেলধর্মী নকশা থেকে স্পষ্টভাবে ভিন্ন। খবর মানি কন্ট্রোল।
আসুসের নতুন টিজার পোস্টটির সঙ্গে ছিল ‘গেটিং রেডি টু মেক হিস্ট্রি’ শিরোনাম ও নতুন ওয়ার্ডমার্কের দুটি একরঙা ছবি।
প্রকাশিত ছবিতে নাথিংয়ের নতুন লোগো আগের তুলনায় অনেক বেশি পরিমিত ও প্রচলিত টাইপোগ্রাফিতে তৈরি বলে ধারণা করা হচ্ছে। তবে এটি শুধু লোগো পরিবর্তন নাকি পুরো ব্র্যান্ড রিফ্রেশের অংশ—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কোনো পণ্য উন্মোচন, অনুষ্ঠান বা সময়সূচির ঘোষণাও আসেনি।
শুরুর পর থেকেই নাথিং নিজেদের ‘ডিজাইন-ফার্স্ট’ প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে তুলে ধরেছে। তাদের পিক্সেলভিত্তিক লোগো ও ভিজ্যুয়াল ভাষাই ছিল আলাদা করে নজর কাড়ার মূল শক্তি। নতুন এই দিকনির্দেশনা সেই পরিচয় থেকে সরে এসে আরও মূলধারার পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
টিজার নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে স্বাভাবিক বিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন, এতে নাথিংয়ের স্বাতন্ত্র্য হারাতে পারে। এখন দেখার বিষয়, কবে এবং কীভাবে নাথিং এই নতুন পরিচয় পুরোপুরি প্রকাশ করে।
ডিবিটেক/বিএমটি



