২০২৫ সালে ৪ লাখ ইভি বিক্রির মাইলফলক শাওমির
স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত শাওমি অল্প সময়েই বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় সাফল্য দেখিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের শেষে তাদের সরবরাহ করা বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। ২০২৪ সালে প্রথম গাড়ি বাজারে আনার পর এত অল্প সময়ে এই অর্জনকে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। খবর ইভিএরিনা।
খবরে বলা হয়, ডিসেম্বর মাসে শক্তিশালী সরবরাহ এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে। ওই মাসে শাওমি ৫০ হাজারের বেশি গাড়ি সরবরাহ করে। নভেম্বর পর্যন্ত মোট সরবরাহ ছিল ৩ লাখ ৬১ হাজার ৬২৫টি, যা ডিসেম্বরের উচ্চ বিক্রিতে নির্ধারিত লক্ষ্যের অনেক ওপরে উঠে যায়।
শাওমির প্রথম মডেল এসইউ৭ সেডান বাজারে আসে ২০২৪ সালের মার্চে। পরে ২০২৫ সালের জুনে উন্মোচন করা হয় ওয়াইইউ৭ এসইউভি, যা টেসলা মডেল ওয়াইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্রুত জনপ্রিয়তা পায়। মাত্র ছয় মাসে এই মডেলের সরবরাহ ১ লাখ ৫০ হাজার ছাড়ায়।
২০২৬ সালে শাওমি দুটি নতুন ইআরইভি মডেল আনার পরিকল্পনা করেছে। পাশাপাশি এসইউ৭-এর হালনাগাদ সংস্করণও আসবে। বর্তমানে শুধু চীনে বিক্রি হলেও, ২০২৭ সালে ইউরোপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে শাওমি।
ডিবিটেক/বিএমটি



