বিশ্বের সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি আরটিএক্স ল্যাপটপ আনছে এলজি
এলজি সিইএস ২০২৬–এ তাদের নতুন গ্রাম প্রো সিরিজের ল্যাপটপ উন্মোচনের ঘোষণা দিয়েছে। এই সিরিজে থাকছে গ্রাম প্রো ১৭ ও গ্রাম প্রো ১৬, যেগুলোর মধ্যে গ্রাম প্রো ১৭-কে ‘বিশ্বের সবচেয়ে হালকা ১৭-ইঞ্চি আরটিএক্স ল্যাপটপ’ হিসেবে দাবি করছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।
নতুন এই ল্যাপটপগুলোতে এলজির নিজস্ব উন্নত ‘এয়ারোমিনাম’ উপাদান ব্যবহার করা হয়েছে, যা ওজন কমানোর পাশাপাশি শক্তি ও স্ক্র্যাচ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বলে জানানো হয়েছে।
গ্রাম প্রো ১৭ মডেলে থাকবে ২,৫৬০×১,৬০০ রেজোলিউশনের ডিসপ্লে এবং এনভিডিয়ার আরটিএক্স ৫০৫০ ল্যাপটপ জিপিইউ, যার ভিডিও মেমোরি ৮ জিবি। এলজির মতে, এটি কনটেন্ট তৈরি ও গ্রাফিক্সনির্ভর কাজে যথেষ্ট পারফরম্যান্স দেবে, যদিও এটিকে পূর্ণাঙ্গ গেমিং ল্যাপটপ হিসেবে দেখছে না প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, গ্রাম প্রো ১৬ মডেলে থাকবে ২,৮৮০×১,৮০০ ওএলইডি ডিসপ্লে ও ইন্টেলের সর্বশেষ কোর আল্ট্রা প্রসেসর।
দুটি ল্যাপটপের ওজন, মূল্য ও বাজারে আসার তারিখ এখনো জানানো হয়নি। সিইএস ২০২৬–এ এসব বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।
ডিবিটেক/বিএমটি







