নতুন বছরে এনভিডিয়ায় ১৪ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা বাইটড্যান্সের
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ কেনার পেছনে প্রায় ১০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ১৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যয় ২০২৫ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, কারণ চলতি বছরে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার এআই চিপে আনুমানিক ৮৫ বিলিয়ন ইউয়ান খরচ করেছে। খবর রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, এই ব্যয়ের বড় অংশই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া চীনের বাজারে তাদের এইচ২০০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বিক্রির অনুমতি পায় কি না তার ওপর।
যুক্তরাষ্ট্র সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ নীতির কারণে উন্নত চিপ সরবরাহে অনিশ্চয়তা থাকলেও অনুমোদন মিললে বাইটড্যান্স বড় পরিসরে কেনাকাটায় যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, তারা এখনো স্বাধীনভাবে এই প্রতিবেদনের তথ্য যাচাই করতে পারেনি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়তে থাকায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ ধরনের বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের মত।
ডিবিটেক/বিএমটি





