১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চান ম্যাক্রোঁ

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চান ম্যাক্রোঁ
১ জানুয়ারি, ২০২৬ ১৪:৫১  
১ জানুয়ারি, ২০২৬ ১১:৩৩  

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ফরাসি দৈনিক লে মোঁদ। একই সঙ্গে দেশটির উচ্চবিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনলাইনে ক্ষতিকর প্রভাব ও কিশোর সহিংসতা বাড়ার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স।

ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমকে তরুণদের সহিংস আচরণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে আসছেন। তিনি অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে বলেন, সেখানে ১৬ বছরের নিচে ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ফ্রান্সেও একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির শুরুতেই আইনি যাচাইয়ের জন্য খসড়া আইন উপস্থাপন করবে সরকার। 

উল্লেখ্য, ফ্রান্সে ২০১৮ সাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ রয়েছে। নতুন উদ্যোগে সেই নিষেধাজ্ঞা উচ্চবিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। 

এর আগে ২০২৩ সালে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক করা হলেও প্রযুক্তিগত জটিলতায় তা পুরোপুরি কার্যকর হয়নি।

ডিবিটেক/বিএমটি