এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী সেরেব্রাসের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের চুক্তিতে ওপেনএআই

এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী সেরেব্রাসের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের চুক্তিতে ওপেনএআই
১৫ জানুয়ারি, ২০২৬ ০৯:৫৮  

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং বাড়তে থাকা চাহিদা সামাল দিতে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা সেরেব্রাসের সঙ্গে বিশাল পরিসরের কম্পিউটিং চুক্তি করেছে ওপেনএআই। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, চুক্তিটির মোট মূল্য ১০ বিলিয়ন ডলারেরও বেশি। খবর রয়টার্স।

বুধবার দুই প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী তিন বছরে ওপেনএআই সেরেব্রাসের কাছ থেকে সর্বোচ্চ ৭৫০ মেগাওয়াট কম্পিউটিং সক্ষমতা কিনবে।

এই চুক্তির আওতায় সেরেব্রাস নিজস্ব চিপভিত্তিক ডেটা সেন্টার নির্মাণ বা ভাড়া নেবে, আর ওপেনএআই তাদের ক্লাউড সেবা ব্যবহার করে চ্যাটজিপিটিসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্যের ‘ইনফারেন্স’ ও ‘রিজনিং’ মডেল চালাবে। প্রতিষ্ঠানটির দাবি, এতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাড়া দেওয়ার গতি উল্লেখযোগ্যভাবে বাড়বে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত সেরেব্রাস ওয়েফার-স্কেল ইঞ্জিন প্রযুক্তির জন্য পরিচিত, যা বড় মডেলের প্রশিক্ষণ ও ব্যবহারে গতি আনে। এই চুক্তি সেরেব্রাসের সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির পথও শক্ত করবে।

ডিবিটেক/বিএমটি