২০২২ সালের পর প্রথম বার্ষিক লোকসানের মুখে বিটকয়েন

২০২২ সালের পর প্রথম বার্ষিক লোকসানের মুখে বিটকয়েন
১ জানুয়ারি, ২০২৬ ১০:১৬  

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ২০২২ সালের পর প্রথমবারের মতো বার্ষিক লোকসানের দিকে এগোচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা এবং ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের মনোভাব পরিবর্তনের কারণে ২০২৫ সালের শেষ দিকে বিটকয়েনের গতি কমে গেছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, বছরজুড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছালেও অক্টোবরের পর থেকে দাম স্থিতিশীল রাখতে পারেনি বিটকয়েন। বর্তমানে এটি বছরের হিসাবে প্রায় ছয় শতাংশের বেশি নিম্নমুখী অবস্থানে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোবান্ধব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর বছরের শুরুতে বিটকয়েনের দাম দ্রুত বাড়ে। তবে পরবর্তীতে চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ এবং গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতে নিয়ন্ত্রণের হুমকিতে বাজারে বড় ধস নামে। এতে লিভারেজড ক্রিপ্টো বাজারে রেকর্ড পরিমাণ লিকুইডেশন ঘটে।

বিশ্লেষকদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে বিটকয়েন এখন শেয়ারবাজারের মতো ঝুঁকিপূর্ণ সম্পদের আচরণ করছে। ফলে সুদের হার, শুল্কনীতি ও এআই খাতের মূল্যায়ন ঘিরে উদ্বেগ ক্রিপ্টো বাজারকেও প্রভাবিত করছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ নিয়ন্ত্রক সিদ্ধান্তের দিকেও সতর্ক দৃষ্টি রাখছেন বিনিয়োগকারীরা।

ডিবিটেক/বিএমটি