মেমোরি সংকটে হুমকিতে ১৬ জিবি র‍্যামের স্মার্টফোন

মেমোরি সংকটে হুমকিতে ১৬ জিবি র‍্যামের স্মার্টফোন
১৫ ডিসেম্বর, ২০২৫ ২০:২৭  

বিশ্বব্যাপী মেমোরি সরবরাহ সংকটের প্রভাবে আগামী বছর থেকে ১৬ জিবি র‍্যামযুক্ত স্মার্টফোন বাজারে বিরল হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত মিলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় নির্মাতারা ধীরে ধীরে উচ্চ র‍্যামযুক্ত ফোন থেকে সরে এসে কম দামের বিকল্পে ঝুঁকতে পারে। এর ফলে বাজেট শ্রেণিতে আবারও ৪ জিবি র‍্যাম ফোনের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। খবর জিএসএম এরিনা।

ইতোমধ্যে কিছু ফ্ল্যাগশিপ ফোনের দাম আগের প্রজন্মের তুলনায় বেড়েছে। পাশাপাশি ভারতসহ মূল্যসংবেদনশীল বাজারে স্যামসাং তাদের মধ্যম সারির ফোনের দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। 

তবে সব বাজারে দাম বাড়ানো কার্যকর সমাধান নয়। সে কারণে অনেক নির্মাতা খরচ কমাতে র‍্যাম কনফিগারেশন হ্রাসের পথে হাঁটতে পারে।

সূত্র অনুযায়ী, ১২ জিবি র‍্যাম ফোনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমতে পারে এবং তার জায়গা দখল করবে ৬ ও ৮ জিবি র‍্যাম ফোন। 

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডেটাসেন্টারে উচ্চ ব্যান্ডউইডথ মেমোরি ও জিডিডিআর৫ ডিআরএএম চিপের চাহিদা দ্রুত বাড়ায় এই সংকট আরও তীব্র হচ্ছে।

ডিবিটেক/বিএমটি