মিউজিক ডেটাবেজ কোম্পানি ‘হুস্যাম্পলড’ কিনলো স্পটিফাই
স্পটিফাই তাদের নতুন গান–ক্রেডিট ফিচারের ঘোষণা দিতে গিয়ে জানিয়েছে, তারা মিউজিকের স্যাম্পল, কাভার ও রিমিক্স ট্র্যাক করা কমিউনিটি–চালিত ডেটাবেস কোম্পানি হুস্যাম্পলড অধিগ্রহণ করেছে। চুক্তির আর্থিক শর্ত প্রকাশ না হলেও স্পটিফাই নিশ্চিত করেছে, টিম ও সম্পূর্ণ ডেটাবেস—দুটিই তাদের আওতায় আসছে। পিচবুক ও লিঙ্কডইনের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানের কর্মী ছিল মাত্র দশজন।
২০০৮ সালে প্রতিষ্ঠিত হুস্যাম্পলড বর্তমানে ১২ লাখের বেশি গান ও প্রায় ৬ লাখ ২২ হাজার স্যাম্পলের বিশাল তথ্যভান্ডার পরিচালনা করছে। এই তথ্য এখন স্পটিফাইয়ের নতুন মিউজিক ডিসকভারি টুল সংডিএনএ-কে শক্তিশালী করছে।
স্পটিফাইয়ের সাথে হুস্যাম্পলডের পরিচয় নতুন নয়। ২০১৬ সালেই তারা একটি অংশীদারিত্বে যুক্ত হয়ে ব্যবহারকারীদের স্পটিফাই প্লেলিস্ট অ্যাপে ব্যবহারের সুযোগ দিয়েছিল।
অধিগ্রহণের পরও হুস্যাম্পলড নিজস্ব ব্র্যান্ড ও প্ল্যাটফর্ম হিসেবে চালু থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য বেশ কিছু ডেভেলপমেন্ট নিয়ে আসছে—যেমন জমা দেওয়া তথ্যের অনুমোদন দ্রুত হবে, শিগগিরই সাইটের প্রদর্শিত বিজ্ঞাপন সরানো হবে এবং মোবাইল অ্যাপগুলো বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেবে।
হুস্যাম্পলড জানায়, স্পটিফাইয়ের সঙ্গে আলোচনায় তারা বুঝতে পেরেছে উভয়ই সংগীতের প্রেক্ষাপটকে গুরুত্ব দেয় এবং গান সম্পর্কে শ্রোতাদের গভীরে নিয়ে যেতে চায়। তাদের মতে, স্পটিফাই এই লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে উপযোগী প্ল্যাটফর্ম।
ডিবিটেক/বিএমটি



