তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার রেকর্ড আয়

তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার রেকর্ড আয়
২০ নভেম্বর, ২০২৫ ১৬:৫৫  

এনভিডিয়ার তৃতীয় প্রান্তিকের আয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে, যা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আরও আশাবাদী করেছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের আয় দাঁড়িয়েছে ৫৭ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশ বেশি। নেট আয় ৩২ বিলিয়ন ডলার, যা বছরে ৬৫ শতাংশ বৃদ্ধি। রাজস্ব ও মুনাফা—দুই ক্ষেত্রেই ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

এনভিডিয়ার ডেটা সেন্টার ব্যবসা প্রবৃদ্ধির প্রধান ভিত্তি হিসেবে উঠে এসেছে। এ খাত থেকে ৫১.২ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় ২৫ শতাংশ এবং বছরে ৬৬ শতাংশ বেশি। গেমিং থেকে এসেছে ৪.২ বিলিয়ন ডলারসহ মোট ৫.৮ বিলিয়ন ডলার।

কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা কোলেট ক্রেস জানান, শক্তিশালী এআই মডেল, অ্যাজেন্টিক অ্যাপ্লিকেশন এবং ত্বরান্বিত কম্পিউটিং চাহিদা ডেটা সেন্টার প্রবৃদ্ধিকে দ্রুত বাড়াচ্ছে। সম্প্রতি তারা পাঁচ মিলিয়ন জিপিইউ-সমান এআই অবকাঠামো প্রকল্প ঘোষণা করেছে। মার্চে উন্মোচিত ব্ল্যাকওয়েল আল্ট্রা জিপিইউর বিক্রি ‘অফ দ্য চার্টস’ বলে মন্তব্য করেছেন হুয়াং।

তবে চীনে বিক্রি না করতে পারায় এই প্রান্তিকে এইচ২০ জিপিইউর চালান ৫০ মিলিয়নে সীমিত ছিল বলে ক্রেস উল্লেখ করেন। ভূরাজনৈতিক টানাপোড়েন এবং বাজার প্রতিযোগিতা এর কারণ।

চতুর্থ প্রান্তিকে এনভিডিয়া ৬৫ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে। হুয়াং বলেন, এআই নিয়ে বুদবুদের আলোচনা বাস্তবতার প্রতিফলন নয়—বরং প্রবৃদ্ধির নতুন চক্রই এখন শুরু।

ডিবিটেক/বিএমটি