সিভাসুতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নেবেন ৫০০ গবেষক
আগামী ২৬ অক্টোবর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) তিন দিনব্যাপী ‘১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫’-এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশসহ ছয় দেশের প্রায় ৫০০ গবেষক। সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন তারা।
২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ অক্টোবর বিকাল ৩টায় সিভাসু অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলিমুল ইসলাম ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য মো. আখতার হোসেন খান।
স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের সমন্বয়কে সামনে রেখে এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Transdisciplinary Integration of Terrestrial and Aquatic Ecosystems for Advancing Health, Food Security and Nutrition’.
উপাচার্য মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সিভাসুর ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ফ্লেমিং ফান্ডের অর্থায়নে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকরা অংশ নেবেন।
তিনি বলেন, ‘আমরা গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। এবারের সম্মেলনের ১৬০টি গবেষণা প্রবন্ধ প্রাণিসম্পদ, ব্লু ইকোনমি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পোষাপ্রাণীর স্বাস্থ্য, ওয়ান হেলথ ব্যবস্থা ও জেনেটিক গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।’
উপাচার্য বলেন, ‘২০০৩ সাল থেকে সিভাসু নিয়মিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে আসছে। এবারের আয়োজন হবে গবেষণা, সহযোগিতা ও আন্তর্জাতিক সংযোগের এক অনন্য প্ল্যাটফর্ম।’
তিন দিনের এই বৈজ্ঞানিক সম্মেলনে সাতটি সাব-থিমের আলোচনায় অংশ নেবেন দেশি-বিদেশি খ্যাতনামা বিজ্ঞানীরা। যুক্তরাজ্য, ভারত, আসাম, বাংলাদেশ ও ভিয়েতনামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থাপন করবেন মূল প্রবন্ধ। সম্মেলন চলাকালে বিশ্ববিদ্যালয় চত্বরে উন্মুক্ত থাকবে গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনী। এখানে বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগ, ওয়ান হেলথ ইনস্টিটিউট, ভেটেরিনারি হাসপাতাল, পোল্ট্রি রিসার্চ সেন্টারসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ও ফিড কোম্পানির স্টল থাকবে।
সমাপনী অনুষ্ঠান হবে ২৮ অক্টোবর বিকেলে। এতে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।



