ইউআইটিএস শিক্ষার্থীদলের অনুদানপ্রাপ্তির সাফল্য উদযাপন
দেশের সর্ববৃহৎ শিক্ষার্থী স্টার্টআপ ইনকিউবেটর প্রোগ্রাম — ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামে (ইউআইএইচপি) অংশ নিয়ে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ১১টি দলের মধ্যে ৬টিই অনুদান পেয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) জানিয়েছে, এই ছয়টি দল সম্মিলিতভাবে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান এবং তাদের নিজ নিজ ইনোভেশন কোহর্টে পুরস্কৃত হয়েছে।
শিক্ষার্থীদের অর্জনের এই আনন্দ ভাগাভাগি করে নিতে ২০ অক্টোবর ছয়টি অনুদানপ্রাপ্ত শিক্ষার্থী দলের সাফাল্য উদযাপন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের সদস্য ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন এবং ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দীন আহমেদ, পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া, পিএইচপি ফ্যামিলির সদস্য মোহাম্মদ নুমায়ের আমির মিজান, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার আবু জাফর মো. মোহসিন, প্রক্টর মো. তারিকুল ইসলাম, ফার্মেসি বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাংক এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত এই অনন্য ইনকিউবেটর প্রোগ্রামটি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী উদ্যোক্তা তৈরী করার উদ্দেশ্যে গঠিত। গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসব্যাপী নিবিড় স্টার্টআপ প্রশিক্ষণ শেষে ইউআইটিএসের অংশগ্রহণকারী দলের মধ্য থেকে ৬টি উদ্ভাবনী দল UIHP@UIU Launchpad-এ চূড়ান্তভাবে অনুদান পাওয়া জন্য মনোনীত হয়।





