মেলায় আসবাবপত্র ও ঘরের সৌন্দর্যে প্রযুক্তির সমারোহ
আসবাব পত্র ও ঘরের অভ্যন্তরীণ শয্যায় প্রযুক্তির নান্দনিক ব্যবহারে রাজধানীর বসুন্ধরা এক্সপো ভিলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ইন্টেরিয়র–ফার্নিচার–সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫”।এক ছাদের নিচে ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে চলছে ইন্টেক, ফার্নিটেক এবং সাইনেজ টেকনোলজির প্রদর্শনী। প্রদর্শিত হচ্ছে স্বয়ংক্রিয় কিচেন সলিউশন, ফার্নিচার, স্মার্ট হোম ডিভাইস, বোর্ড, কার্টেন, দরজা, সফটওয়্যার এবং ইন্টেরিয়র সেবা।
প্রদর্শনীতে উদ্যোক্তা, কারিগর ও শিক্ষার্থীদের জন্য রয়েছে সরঞ্জাম ও মেশিনারিজ দেখার সুযোগ। ১৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ৩০ থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। পাশাপাশি থাকছে বিশেষ অফার ও ছাড়।
১৬ অক্টোবর, বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ।
এফ টাচ ইভেন্টস লিমিটেড–এর উদ্যোগে আয়োজিত এ এক্সপোতে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার (সিওও) এম. এম. জসিম উদ্দিন, বিডিকোয়া সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে স্থপতি ড. মাসুদ উর রশিদ বলেন, এই এক্সপো নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি বিভিন্ন পণ্য আর্কিটেক্ট ও ডিজাইনাররা পেশাগত কাজে ব্যবহার করতে পারছেন। অংশগ্রহণের মাধ্যমে তারা আরও দক্ষ হয়ে উঠছেন। এবার আগের চেয়ে বড় পরিসরে এক্সপো অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে আগ্রহী পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ছে।
বিডিকোয়া সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া বলেন, যত বেশি এক্সপো হবে, তত বেশি স্টেকহোল্ডারদের উপকার হবে। গ্রাহকদের রুচি অনুযায়ী সার্ভিস দিতে এটি সহায়ক হবে। চাহিদার কারণে পরিসর ও প্রযুক্তি দুটোই বাড়ানো হয়েছে।
উড টেক সলিউশনস–এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ ফার্নিচার ও উডওয়ার্কিং সেক্টরে নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি উদ্যোক্তা, প্রস্তুতকারক, ডিজাইনার ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।
এফ টাচ ইভেন্টস- এর পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, প্রথমবারের মতো এখানে ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যার প্রদর্শিত হচ্ছে, যা দেশীয় শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।







