নতুন ফিচারসহ গুগলের নতুন ভিডিও মডেল ‘ভিও ৩.১’ উন্মুক্ত

নতুন ফিচারসহ গুগলের নতুন ভিডিও মডেল ‘ভিও ৩.১’ উন্মুক্ত
১৬ অক্টোবর, ২০২৫ ২১:৪০  

ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ভিও ৩.১’ উন্মোচন করেছে গুগল। নতুন সংস্করণে যুক্ত হয়েছে উন্নত অডিও আউটপুট, আরও সূক্ষ্ম এডিটিং নিয়ন্ত্রণ এবং ইমেজ টু ভিডিও আউটপুটে বাস্তবসম্মত দৃশ্য উপস্থাপনের ক্ষমতা। এটি গত মে মাসে প্রকাশিত ভিও ৩–এর উন্নত সংস্করণ, যা ব্যবহারকারীর নির্দেশনা আরও নির্ভুলভাবে অনুসরণ করতে সক্ষম। খবর টেকক্রাঞ্চ।

গুগল জানিয়েছে, নতুন মডেল ব্যবহার করে ব্যবহারকারীরা এখন ভিডিওতে নতুন কোনো বস্তু যোগ করে সেটিকে দৃশ্যের মূল শৈলীর সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মিশিয়ে দিতে পারবেন। শিগগিরই ফ্লো এডিটরে ভিডিও থেকে অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলার সুবিধাও যুক্ত হবে।

আগের ভিও ৩ সংস্করণে রেফারেন্স ইমেজ ব্যবহার করে চরিত্র নিয়ন্ত্রণ, প্রথম ও শেষ ফ্রেম দিয়ে ভিডিও তৈরি, এবং ভিডিওর শেষাংশ থেকে দৃশ্য বাড়ানোর মতো সুবিধা ছিল। এবার এসব সুবিধার সঙ্গে অডিও যুক্ত করা হয়েছে, ফলে ভিডিও হবে আরও প্রাণবন্ত ও বাস্তবধর্মী।

নতুন মডেলটি ফ্লো ভিডিও এডিটর, জেমিনি অ্যাপ, এবং ভার্টেক্স ও জেমিনি এপিআইতে যুক্ত করা হচ্ছে। গুগল জানায়, মে মাসে ফ্লো চালুর পর থেকে ব্যবহারকারীরা অ্যাপটিতে ইতিমধ্যে ২৭ কোটি ৫০ লাখেরও বেশি ভিডিও তৈরি করেছেন।

ডিবিটেক/বিএমটি