সুবিপ্রবি থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.নিজাম উদ্দিন। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে বিষয়টি অবহিত করেন।
খণ্ডকালীন সদস্য মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে হাওড় অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো.নিজাম উদ্দিন।
তিনি বলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়া এই অর্জন শুধু আমার একার নয় ,এই অর্জন সুবিপ্রবি পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারীর অর্জন বলেই আমি মনে করি। তিনি আরো বলেন, আমি আমার দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করবো।
তিনি মনে করেন তার এই সম্মানজনক পদায়ন বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার মানোন্নয়ন এ এবং আন্তর্জাতিক এক্রিডেশন পেতে বিমক এর মাধ্যমে জোরালো ভুমিকা রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (President’s Order No.10 Of 1973) এর (৪) (১) ( ডি) ও (৪) (৫ ) ধারার বিধান অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য ড. মো.নিজাম উদ্দিনকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
একই পত্রে উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে অভিনন্দন জ্ঞাপন করে ইউজিসি পরিচালনায় মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষ।







