স্টারগেট প্রকল্পে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংক

স্টারগেট প্রকল্পে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংক
২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩৩  

মার্কিন প্রযুক্তি খাতের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো উদ্যোগের অংশ হিসেবে ওপেনএআই, ওরাকল ও জাপানের সফটব্যাংক যুক্তরাষ্ট্রে পাঁচটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেক্সাসের অ্যাবিলিনে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

প্রকল্পটির নাম ‘স্টারগেট’, যার আওতায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার ব্যয়ে মোট ১০ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার গড়ে তোলা হবে। এআই-চালিত অবকাঠামো নির্মাণকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় অগ্রাধিকারে পরিণত করেছেন।

ওপেনএআই জানিয়েছে, ওরাকলের সঙ্গে যৌথভাবে টেক্সাসের শ্যাকেলফোর্ড কাউন্টি, নিউ মেক্সিকোর ডোনা আনা কাউন্টি এবং যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের একটি অপ্রকাশিত এলাকায় তিনটি সাইটে ডেটা সেন্টার গড়ে তোলা হবে। সফটব্যাংকের সহযোগিতায় ওহাইওর লর্ডসটাউন ও টেক্সাসের মিলাম কাউন্টিতে আরও দুটি সাইট নির্মিত হবে।

স্টারগেট প্রকল্পে তিন বছরের মধ্যে প্রায় ৪০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং প্রায় ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা ওপেনএআই-এ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং প্রয়োজনীয় চিপ সরবরাহ করবে।

ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান বলেন, “এআই-এর সম্ভাবনা পূর্ণমাত্রায় কাজে লাগাতে হলে বিপুল কম্পিউটিং ক্ষমতা গড়ে তুলতে হবে।”

ডিবিটেক/বিএমটি