কানাডার শিশুদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে টিকটক

কানাডার শিশুদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে টিকটক
২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৫  

কানাডার গোপনীয়তা বিষয়ক কর্তৃপক্ষের তদন্তে জানা গেছে, টিকটক শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থ হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য সংগ্রহ করেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কানাডার ফেডারেল প্রাইভেসি কমিশনার ফিলিপ ডুফ্রেন এ তথ্য জানান। খবর রয়টার্স।

যৌথ এই তদন্তে কুইবেক, ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টার প্রাইভেসি কমিশনাররা অংশ নেন। তারা জানান, টিকটক দাবি করলেও বাস্তবে প্রতি বছর কানাডার কয়েক লাখ ১৩ বছরের নিচের শিশু প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। সংগৃহীত তথ্য ব্যবহার করে শিশুদের লক্ষ্য করে কনটেন্ট ও বিজ্ঞাপন পরিবেশন করা হয়েছে, যা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তদন্তের ফলাফলের পর টিকটক প্রতিশ্রুতি দিয়েছে, বয়স যাচাইয়ের পদ্ধতি আরও কঠোর করা হবে এবং ব্যবহারকারীদের, বিশেষ করে অল্পবয়সীদের কাছে স্পষ্টভাবে জানানো হবে তাদের তথ্য কীভাবে ব্যবহার হতে পারে। এছাড়া কোম্পানিটি ১৮ বছরের নিচের ব্যবহারকারীদের বিজ্ঞাপন টার্গেটিং বন্ধ করতে এবং কানাডিয়ান ব্যবহারকারীদের জন্য গোপনীয়তা সংক্রান্ত তথ্য বাড়াতে রাজি হয়েছে।

টিকটক জানিয়েছে, তারা কিছু বিষয়ে একমত নয়, তবে প্ল্যাটফর্মের স্বচ্ছতা ও গোপনীয়তা সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবে। কানাডার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও ইতিমধ্যে নিরাপত্তা উদ্বেগে সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে।

ডিবিটেক/বিএমটি