মধ্যরাতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ; ৪ দাবি
নিয়োগ পরীক্ষা গ্রহণে বুয়েটের ‘একক আধিপত্যে’র বিরুদ্ধে এবং নিরপেক্ষ ব্যবস্থাপনায় ইঞ্জিনিয়ারিং সেক্টরের সকল নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ র্যালি ও সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি - ডুয়েট শিক্ষার্থীরা। সমাবেশ থেকে তারা চার দফা দাবি জানায়।
তাদের দাবিগুলো হলো- সহকারী প্রকৌশলী ৯ম গ্রেডের চাকুরীর পরীক্ষা একচেটিয়াভাবে বুয়েট নিতে পারববে না, পিএসসির ন্যায় স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করতে হবে; পরীক্ষার প্রশ্ন সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মিলেই করবে ও পরীক্ষায় ডিপার্টমেন্ট থেকে ৮০ শতাংশ প্রশ্ন করতে হবে এবং ভাইভা বোর্ডে বিশ্ববিদ্যালয়ের কোনো ইনফরমেশন থাকবে না ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞেস করা যাবে না।
প্রকৌশল খাতে চলমান সঙ্কট সমাধানে সরকারের নীরব ভূমিকা ও কোরাম ভিত্তিক ষড়যন্ত্রের প্রতিবাদে ২৭ আগস্ট, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিববাড়িতে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তৃতীয় শক্তির ইন্ধন রয়েছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
এ সময় লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দুই পক্ষের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান ডুয়েট শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে আবারও মিছিল নিয়ে নিজ ক্যাম্পাসে ফিরে যান তারা।
এদিকে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার’ পালিত হবে। এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ ।







