গ্রামারলিতে নতুন নকশা ও একাধিক এআই ফিচার চালু
জনপ্রিয় লেখনী সহায়ক প্ল্যাটফর্ম গ্রামারলি তাদের অ্যাপে বড় ধরনের নকশাগত পরিবর্তন এনেছে। নতুন ইন্টারফেসটি নথিভিত্তিক, যা নির্মিত হয়েছে গত বছর অধিগ্রহণ করা প্রোডাক্টিভিটি স্টার্টআপ কোডা-এর প্রযুক্তির ওপর ভিত্তি করে। এতে যোগ হয়েছে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যেমন এআই অ্যাসিস্ট্যান্ট, প্রুফরিডার, গ্রেডার ও সাইটেশন ফাইন্ডার। খবর টেকক্রাঞ্চ।
নতুন ডিজাইনে ব্লক-ফার্স্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যাতে সহজে টেবিল, তালিকা, হেডার বা আলাদা রিচ টেক্সট ব্লক যুক্ত করা যায়। পাশাপাশি একটি সাইডবারে থাকা এআই অ্যাসিস্ট্যান্ট টেক্সট সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর এবং লেখনী পরামর্শ দিতে সক্ষম।
শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য যুক্ত করা হয়েছে বেশ কিছু টুল। এর মধ্যে “রিডার রিঅ্যাকশন” লেখার পাঠকভিত্তিক প্রতিক্রিয়া জানাবে, “গ্রেডার” শিক্ষক-নির্দেশিত মানদণ্ডে লেখা মূল্যায়ন করবে, আর “সাইটেশন ফাইন্ডার” নির্ভরযোগ্য সূত্র থেকে উদ্ধৃতি জেনারেট করবে। এছাড়া রয়েছে প্লেজিয়ারিজম ও এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্তকরণ ব্যবস্থা।
সম্প্রতি ১ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা গ্রামারলি জানিয়েছে, ভবিষ্যতে আরও এআই এজেন্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







