উন্নত হলো জিপিটি–৫
ওপেনএআই শুক্রবার ঘোষণা দিয়েছে যে তাদের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি–৫ এখন থেকে আরও “উষ্ণ ও বন্ধুসুলভ” হয়ে উঠবে। খবর টেকক্রাঞ্চ।
সম্প্রতি বহুল প্রত্যাশিত এই মডেলটি চালু হলেও, কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান স্বীকার করেছেন যে লঞ্চ প্রক্রিয়াটি “যতটা মসৃণ আশা করা হয়েছিল, ততটা হয়নি।” অনেক ব্যবহারকারীও অভিযোগ করেছিলেন, তারা আগের সংস্করণ জিপিটি–৪ও–কেই বেশি পছন্দ করেন।
এই অসন্তুষ্টি দূর করতেই ওপেনএআই নতুন আপডেট এনেছে। কোম্পানির ভাষায়, পরিবর্তনগুলো “সুবিন্যস্ত হলেও তা ব্যবহারকারীদের কাছে মডেলকে আরও আপন করে তুলবে।” তারা জানিয়েছে, এখন থেকে জিপিটি–৫ মাঝে মাঝে বলবে “ভালো প্রশ্ন” বা “চমৎকার শুরু”—তবে এগুলো প্রশংসার জন্য নয়, বরং আন্তরিক প্রতিক্রিয়ার অংশ হিসেবেই আসবে।
ওপেনএআই বলছে, তাদের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে নতুন এই আপডেট সত্ত্বেও “অতিরিক্ত তোষামোদ” বা সিকোফেন্সি আগের জিপিটি–৫ এর তুলনায় বাড়েনি।
এই সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে কোম্পানির কর্মকর্তারা জিপিটি–৫–এর বাইরের পরিকল্পনা নিয়ে কথা বললেও আলোচনার মূল বিষয় ছিল মডেলটির অস্থির সূচনা। ওপেনএআই–এর ভাইস প্রেসিডেন্ট নিক টার্লি বলেন, “আগে জিপিটি–৫ খুব বেশি সরাসরি উত্তর দিত, নতুন আপডেটের ফলে এখন এটি আরও উষ্ণ ও সহজবোধ্য মনে হবে।”
ডিবিটেক/বিএমটি







