৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে পরাগ আগরওয়ালের স্টার্টআপ

৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে পরাগ আগরওয়ালের স্টার্টআপ
১৮ আগষ্ট, ২০২৫ ১৫:৫২  
১৯ আগষ্ট, ২০২৫ ০১:২১  

টুইটারের (বর্তমানে এক্স)  সাবেক সিইও পরাগ আগরওয়াল, ইলন মাস্কের হাতে ২০২২ সালে বরখাস্ত হওয়ার পর নতুন উদ্যোগে পা রাখেন। ২০২৩ সালে তিনি প্যারালাল ওয়েব সিস্টেমস ইনকর্পোরেটেড প্রতিষ্ঠা করেন, যা একটি ক্লাউড প্ল্যাটফর্ম হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমকে বৃহৎ পরিসরে অনলাইন গবেষণা পরিচালনায় সহায়তা করে। বর্তমানে পালো আল্টোতে ২৫ সদস্যের একটি টিম নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

স্টার্টআপটি ইতিমধ্যেই খোসলা ভেঞ্চারস, ফার্স্ট রাউন্ড ক্যাপিটাল এবং ইনডেক্স ভেঞ্চারসসহ শীর্ষ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৩০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। আগরওয়ালের ভাষায়, প্রতিদিন লক্ষ লক্ষ গবেষণা কার্যক্রমে তাদের সেবা ব্যবহৃত হচ্ছে এবং একাধিক স্টার্টআপ ও পাবলিক এন্টারপ্রাইজ এই প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ডিপ রিসার্চ এপিআই চালুর ঘোষণা দিয়েছে, যা মানুষ এবং শীর্ষ এআই মডেল—যেমন জিপিটি-৫-কে জটিল মানদণ্ডে পরীক্ষার সুযোগ দিচ্ছে। প্যারালালের লক্ষ্য হলো “প্রোগ্রাম্যাটিক ওয়েব” গড়ে তোলা, যেখানে এআই সরাসরি তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করতে পারবে। ফলে ওয়েব এআই গবেষণা ও অন্তর্দৃষ্টি তৈরির জন্য আরও কার্যকর হয়ে উঠবে।

ডিবিটেক/বিএমটি