র্যাংকিংয়ে ওপেনএআইকে প্রাধান্য দিচ্ছে অ্যাপল: ইলন মাস্ক
বৈশ্বিক ধনকুবের ইলন মাস্ক অভিযোগ করেছেন, অ্যাপল অ্যাপ স্টোর র্যাংকিংয়ে ওপেনএআইকে প্রাধান্য দিয়ে তার প্রতিষ্ঠান এক্সএআই-এর বিরুদ্ধে “স্পষ্ট অ্যান্টিট্রাস্ট লঙ্ঘন” করেছে।
এক্স-এ পোস্টে তিনি দাবি করেন, অন্য এআই কোম্পানিগুলোর জন্য শীর্ষ স্থানে পৌঁছানো অসম্ভব করে তুলেছে অ্যাপল, এবং এক্সএআই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে। তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এর আগে তিনি অভিযোগ করেছিলেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে এক্স বা গ্রোককে “মাস্ট হ্যাভ” তালিকায় রাখছে না।
এ বিষয়ে অ্যাপল জানায়, অ্যাপ স্টোর ন্যায়সঙ্গত ও পক্ষপাতহীনভাবে পরিচালিত হয়, যেখানে চার্ট, অ্যালগরিদমিক সুপারিশ ও বিশেষজ্ঞদের কিউরেটেড তালিকার মাধ্যমে হাজারো অ্যাপ প্রদর্শিত হয়।
ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান মাস্কের অভিযোগকে “অসাধারণ দাবি” আখ্যা দিয়ে পাল্টা মন্তব্য করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে চীনা এআই চ্যাটবট ডিপসিক অ্যাপলের অ্যাপ স্টোরের শীর্ষ বিনামূল্যের অ্যাপ হয়েছিল। অ্যাপল বর্তমানে ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে এবং আসন্ন আইওএস ২৬-এ জিপিটি-৫ সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







