ইন্টেল সিইওর হোয়াইট হাউস সফর সোমবার
ইন্টেলের প্রধান নির্বাহী লিপ-বু ট্যান আগামী সোমবার হোয়াইট হাউস সফর করবেন বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ট্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলোচনা করে নিজের ব্যক্তিগত ও পেশাগত প্রেক্ষাপট তুলে ধরবেন এবং ইন্টেল ও মার্কিন সরকারের সহযোগিতার প্রস্তাব দেবেন। খবর রয়টার্স।
গত সপ্তাহে ট্রাম্প ট্যানের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করে তাকে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ‘অতিরিক্তভাবে জড়িত’ বলে অভিযোগ করেন। ট্রাম্পের এ হস্তক্ষেপ বিনিয়োগকারীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে।
এর আগে রইটার্সের এক প্রতিবেদনে উঠে আসে, ট্যান চীনের শতাধিক উন্নত উৎপাদন ও চিপ কোম্পানিতে অন্তত ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, যাদের মধ্যে কিছু প্রতিষ্ঠান চীনা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত।
মালয়েশিয়ায় জন্ম নেওয়া চীনা বংশোদ্ভূত এই মার্কিন নির্বাহী ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্যাডেন্স ডিজাইনের সিইও ছিলেন। গত মাসে ক্যাডেন্স মার্কিন অভিযোগ মীমাংসায় ১৪ কোটি ডলারের বেশি জরিমানা দিতে সম্মত হয়।
ডিবিটেক/বিএমটি







