নারী ফুটবলে সাফল্যের স্বীকৃতি

বাংলাদেশ নিয়ে ফিফার ৬টি ফটোকার্ড

বাংলাদেশ নিয়ে ফিফার  ৬টি ফটোকার্ড
৭ আগষ্ট, ২০২৫ ২৩:৪৬  
৮ আগষ্ট, ২০২৫ ১১:০১  

বয়সভিত্তিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর এবার ইতিহাসের নতুন মাইলফলক ছুঁয়েছে জাতীয় দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এখন সামনে নারী বিশ্বকাপে খেলার সুযোগ। র‍্যাংকিংয়েও উঠে এসেছে ২৪ ধাপে। আর এই অসাধারণ অগ্রযাত্রাকে স্বীকৃতি দিতে বাংলাদেশের নারী ফুটবল নিয়ে বিশেষ ফটোকার্ড পোস্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা'র অফিসিয়ালি ফেসবুক পেজে প্রাকাশ করা হয়েছে ছয়টি ফটোকার্ড। এগুলোর মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্য, অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা।

  ফটো কার্ডগুলোর শুরুতে পোস্টে বলা হয়েছে, “১০০-এর কাছাকাছি বাংলাদেশ”। প্রথম কার্ডের গ্রাফ চিত্রে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলের ধারাবাহিক সফলতার চিত্র।

 র‍্যাংকিংয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী দল। এটা দেশের ফুটবলের ইতিহাসে এক মাইলফলক। উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের আগস্টে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম, সেখান থেকে মাত্র এক বছরে উড়ন্ত লাফে উঠে এসেছে ১০৪ নম্বরে। যা বর্তমানে নারী র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি।

আরেক ফটোকার্ডে বাংলাদেশের বাছাইপর্বের অবিশ্বাস্য সাফল্যের কথা তুলে ধরে ফিফা জানায়, এতদিন বাংলাদেশ কখনো এশিয়ান কাপ বাছাইপর্বে কোনো ম্যাচ জিততে পারেনি। অথচ এবার ২০২৫ সালের এএফসি মহিলা এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত থেকে ইতিহাস গড়েছে সাবিনা-কৃষ্ণারা। এখন মূল আসরে শীর্ষ ছয়ে জায়গা করে নিতে পারলে দেশের সামনে খুলে যাবে ফিফা নারী বিশ্বকাপে খেলার স্বপ্নের দরজা।

তবে শুধু মাঠের সাফল্য নয়, এই অর্জনের পেছনের পরিকল্পনাও তুলে ধরে আলাদা আরেকটি ফটোকার্ডে বলা হয়, নারী ফুটবলের জন্য গৃহীত বাংলাদেশের প্রথম কৌশলগত পরিকল্পনা ‘এম্পাওয়ার হার: ২০২৪-২০২৭’ এবং ফিফার উন্নয়নমূলক প্রকল্পগুলোর সহযোগিতাই দ্রুত এই অগ্রগতির মূল চাবিকাঠি।

ভিন্ন অপর ফটোকার্ডে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কথাও স্মরণ করেছে ফিফা। জানানো হয়, দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্টে শিরোপা জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস ও প্রস্তুতির দিক থেকেও এসেছে বড় পরিবর্তন। ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের সহায়তায় আয়োজিত এই টুর্নামেন্ট নারী ফুটবলের জন্য বড় অবদান রেখেছে।

সবশেষে ফটোকার্ডে উঠে আসে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের মন্তব্য। তিনি বলেন, “ফিফা নারী ফুটবলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় বাংলাদেশে এর প্রতি সচেতনতা বেড়েছে। দিন দিন বাড়ছে দর্শক-ভক্তসংখ্যা, যা আমাদের নারী ফুটবলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছে। ”

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন ফটোকার্ড নিঃসন্দেহে নতুন করে অনুপ্রেরণা জোগাবে নারী ফুটবলারদের। এরই মধ্যে স্যোশ্যল হ্যান্ডেলে তাদের জন্য আরো শুভকামনা করছেন নেটিজেনরা। সামনে যে তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় স্বপ্ন বিশ্বকাপ মঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর সম্ভাবনা।