ভিডিও ধারণে সাংবাদিককে কুপিয়ে হত্যা!
গাজীপুরে দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনার ভিডিও ধারণের জেরে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে ধাওয়া করে একটি চায়ের দোকানের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ আগস্ট, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
চায়ের দোকানি জানান, তিনি যখন চা বানাচ্ছিলেন তখন ওই ভাইয়াটা দৌড় দিয়ে আমার দোকানের দিকে আসে। ৫ জন ব্যক্তি রাম দাও, চা পতি ও ছুরি নিয়ে কোপাতে থাকে। তিনি তখন ভয় পেয়ে বসে পড়েন।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।
এদিকে স্থানীয় একটি সূত্র বলছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে। অপরদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম-উত্তর) রবিউল হাসান বলেন, অন্যজনকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে আমরা কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। দুস্কৃতকারীদের আমরা দ্রুতই আইনের অধীনে আনবো। ভিডিও দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তবে আসামিদের গ্রেপ্তারের পর বিস্তারিত ঘটনা জানা যাবে।



