জুয়ার বিজ্ঞাপন বন্ধ করলো ক্রিকইনফো; চিঠি দেয়া হবে মেটা-গুগলকেও

জুয়ার বিজ্ঞাপন বন্ধ করলো ক্রিকইনফো; চিঠি দেয়া হবে  মেটা-গুগলকেও
১৬ অক্টোবর, ২০২৫ ০০:৩৩  
১৬ অক্টোবর, ২০২৫ ০০:৪৫  

দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্ম বান্ধব রাখতে জিরো টলারেন্সে গিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সূত্র ধরে বাংলাদেশ থেকে দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের ভিজিটরদের জন্য জুয়ার বিজ্ঞাপন দেখানো সাময়িক বন্ধ করেছে ইএসপিএন ক্রিকইনফো। একইভাবে টেকজায়ান্ট ফেসবুক/মেটা গুগল/ইউটিউব কেও চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব। 

পাশাপাশি দেশের সব পত্রিকা, অনলাইন পোর্টাল সহ যে কোন স্থানীয় এবং আঞ্চলিক মিডিয়া প্রতিষ্ঠান, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট ক্রিয়েটর এবং সেলিব্রেটিদের প্রতিও তারা যেনো কোনোভাবেই জুয়া, বেটিং, পর্নোগ্রাফি বা অনৈতিক পণ্য ও সেবার প্রচারে অংশগ্রহণ না করেন এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন; সেজন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন তিনি। 

১৫ অক্টোবর, বুধবার রাতে নিজ সোশ্যাল হ্যান্ডেলে এই আহ্বান জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, প্রতিষ্ঠান গুলোকে ওয়েবসাইট, পত্রিকা ও নিউজ পোর্টাল, এপ ইত্যাদি ডিফল্ড এডসেন্স এ না চালিয়ে বরং কাস্টমাইজড করতে হবে যাবে যাতে জুয়া পর্ণ গ্যাম্বলিং এবং এতদসংক্রান্ত গেইমিং বিজ্ঞাপন বা পপ-আপ না আসে। পাশাপাশি মোবাইল কোম্পানি, আইএসপি, গুগল অ্যাডসেন্স, মেটা অ্যাড সহ আন্তর্জাতিক বিজ্ঞাপন প্ল্যাটফর্মগুলোকেও বাংলাদেশের প্রচলিত আইন ও নৈতিকতার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় আইন, পপ-আপ ব্লকিং ও ফিল্টারিং নীতি কঠোরভাবে অনুসরণের অনুরোধ করেছেন তিনি।

তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু পত্রিকা, অনলাইন পোর্টাল, টেকনোলোজি প্ল্যাটফর্ম, ইন্টারনেট সেবাদাতা, বিভিন্ন বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, স্পোর্টস সাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং এমনকি কিছু ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি বিষয়ক বিজ্ঞাপন ও প্রোমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সরাসরি পরিপন্থী। জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে এবং প্রচলিত আইন ভঙ্গ করলে জনমত সাপেক্ষে সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্লক করার বিষয় সক্রিয়ভাবে বিবেচনা করবে, এবং এব্যাপারে পাবলিক কমিউনিকেশন করা হবে।