ব্যালেন্স থেকে রোমিং প্যাক চালু করলো গ্রামীণফোন

ব্যালেন্স থেকে রোমিং প্যাক চালু করলো গ্রামীণফোন
৭ আগষ্ট, ২০২৫ ১৭:২২  
৭ আগষ্ট, ২০২৫ ২৩:২২  

মোবাইল ব্যালেন্স দিয়ে টাকায় রোমিং প্যাক কেনার সুবিধা চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়েছে অপারেটরটি।

 ৮ আগস্ট, বৃহস্পতিবার অপারেটরটি জানিয়েছে, দেশে প্রথমবারের মতো এই সেবা চালু করায় এখন থেকে বৈদেশিক মুদ্রা ছাড়াই রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এজন্য গ্রাহককে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে যেখানে গ্রাহকের বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকিট (প্রযোজ্য ক্ষেত্রে)  এর নম্বর উল্লেখ করতে হবে। এছাড়াও প্রত্যয়নপত্রে  প্রতি ট্রিপে রোমিং ব্যয় ছয় হাজার টাকা এবং বছরে মোট রোমিং ব্যয় (সকল মোবাইল নম্বর ও অপারেটর মিলিয়ে) ত্রিশ হাজার টাকার বেশি হওয়া যাবে না। এই শর্ত মেনে ভ্রমণের আগে মাইজিপি অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সহজে রোমিং প্যাক এক্টিভ করতে হবে।

রোমিংয়ে দেশ ভিত্তিক প্যাকে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে রয়েছে ১০ দিনের বিশেষ ট্রাভেল প্যাক ঘোষণা করেছে গ্রামীণফোন। এছাড়াও রোমিং সেবার আওতায় ইনকামিং এসএমএস সম্পূর্ণ ফ্রি করা হয়েছে।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “টেলিকম খাত এবং আমাদের গ্রাহকদের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এমন একটি অগ্রসরমূলক পদক্ষেপ চালু করতে আমাদেরকে আন্তরিক সহায়তা প্রদান ও  ক্ষমতায়নের জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। এখন থেকে সাশ্রয়ী মূল্যে ও বিশ্বমানের সংযোগ ব্যবহার করে নিজের মোবাইল নম্বর দিয়েই প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন ভ্রমণকারীরা। এই প্রক্রিয়াটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করায় বিটিআরসির প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।”
 
প্রসঙ্গত, প্রতি বছর ১ কোটি ৫০ লাখের বেশি বাংলাদেশি বিদেশ ভ্রমণ করেন। বিদেশি সিম কার্ড কেনার জন্য এসব গ্রাহকদের আর লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হবে না।