নেদারল্যান্ডস সরকারের ৪০ হাজার ইউরো উদ্ভাবনী অনুদান পেলো নোডস ডিজিটাল

নেদারল্যান্ডস সরকারের ৪০ হাজার ইউরো উদ্ভাবনী অনুদান পেলো  নোডস ডিজিটাল
৭ আগষ্ট, ২০২৫ ১৭:০৭  
১০ আগষ্ট, ২০২৫ ১১:২২  

নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে অরেঞ্জ কর্নারস ইনোভেশন ফান্ড (OCIF) এর আওতায় ৪০ হাজার ইউরো’র উদ্ভাবনী অনুদান পেয়েছে বাংলাদেশের উদ্ভাবনী অ্যাগ্রি-টেক স্টার্টআপ নোডস ডিজিটাল লিমিটেড। প্রতিষ্ঠানটির আইওটি -ভিত্তিক মাটি ও পানি পর্যবেক্ষণ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য এই অনুদান দেয়া হয়েছে। 

নোডস ডিজিটাল লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা নাজমুছ সাকীর আকিবের হাতে অনুদানের একটি স্বারক তুলে দেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের প্রধান মিশন প্রধান আন্দ্রে কার্স্টেন্স। 

৭ আগস্ট গণমাধ্যমে এই প্রাপ্তির কথা শেয়ার করে অনুষ্ঠানে উপস্থিত নাজমুছ সাকীর আকিব জানান, এই অনুদানের মাধ্যমে, নোডস ডিজিটাল পাইলট প্রকল্প সম্প্রসারণ, AI মডেল উন্নয়ন, এবং কৃষকদের স্মার্ট কৃষি পদ্ধতির প্রশিক্ষণ প্রদান করবে, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের কৃষকদের জন্য সাশ্রয়ী ও বুদ্ধিমান সেচ প্রযুক্তি পৌঁছে দেওয়া। এই অনুদান আমাদের প্রযুক্তিকে আরও বিস্তৃত করতে সহায়তা করবে এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে ও পানি সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

প্রসঙ্গত, অরেঞ্জ কর্নারস বাংলাদেশের দ্বিতীয় কোহর্টে অংশগ্রহণকারী ১৬টি স্টার্টআপের মধ্যে নোডস ডিজিটাল নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটির স্মার্ট ইরিগেশন সিস্টেমটি IoT সেন্সর এবং AI বিশ্লেষণের মাধ্যমে মাটি ও আবহাওয়ার তথ্য রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করে। এর ফলে পানি ব্যবহার ৩০% পর্যন্ত হ্রাস পায় এবং প্রতি কেজি ধান উৎপাদনে ৩–৫ হাজার লিটার পর্যন্ত পানি সাশ্রয় হয়।