মাই রবি-তে এক টিকিটে দুই ছবি
গ্রাহকদের ‘এক টিকিটে দুই মুভি’ দেখার সুযোগ দিলো মোবাইল অপারেটর রবি। এর একটি ছবি মেগাস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ এবং অন্যটি হলো জাহিদ হাসানের আলোচিত সিনেমা ‘উৎসব’। মাত্র ১৮ টাকায় মুভি প্যাক কিনে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা দুটি দেখতে পাবেন রবি গ্রাহকরা।
সাপ্তাহিক ছুটির আগের দিন ৭ আগস্ট, বৃহস্পতিবার চালু হয়েছে অফারটি। আগামী দুই মাস পর্যন্ত মাই রবি অ্যাপ, রিচার্জ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ), ইউএসএসডি-র মতো একাধিক রবি প্ল্যাটফর্মের মাধ্যমে ১৮ টাকার মুভি প্যাক কিনে পরের ৩০ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ দেখতে পারবেন রাবি গ্রাহকরা।
এজন্য ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (৭ আগস্ট) ‘উৎসব’ এবং ‘তাণ্ডব’ মুক্তি দেয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। চরকি সাবস্ক্রাইবাররা নিয়মিত প্রক্রিয়ায় দেখতে পাবেন সিনেমা দুটি। যারা সাবস্ক্রাইবার নন তারাও রবির মুভি প্যাক কিনে দেখতে পাবেন ‘উৎসব’ এবং ‘তাণ্ডব’।
৬ আগস্ট সন্ধ্যায় রবি ও চরকির মধ্যে এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। কাওরান বাজারে চরকি কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষে উপস্থিত ছিলেন রবি আজিয়েটার হেড অফ মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী, কমার্শিয়াল পার্টনারশিপ বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর, মো. সানজিদ হোসাইন এবং ইন্টারনেট অ্যান্ড স্ট্রিমিং সিনিয়র জেনারেল ম্যানেজার তারেক মোহাম্মদ এনামুল হক।
অপরদিকে চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও রেদওয়ান রনি, হেড অফ কনটেন্ট অপারেশন অ্যান্ড কমার্শিয়াল মাসুদুল আমিন রিন্তু, হেড অফ মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান এবং প্রথম আলো’র চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস।
অনুষ্ঠঅনে রবি’র হেড অফ মার্কেটিং মুহাম্মদ শওকত কাদের চৌধুরী বলেন, ‘রবি তার গ্রাহকদের সবসময় প্রিমিয়াম সেবা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে আমরা আমাদের গ্রাহকদের প্রিমিয়াম বিনোদনের সঙ্গে যুক্ত করতে চেয়েছি। ডিজিটাল মাধ্যমে সারা দেশের রবি গ্রাহকরা যেন সাশ্রয়ী মূল্যে সিনেমা দুটি উপভোগ করতে পারেন, সেই উদ্যোগ নিয়েছি আমরা। এই পদক্ষেপে যুক্ত হওয়ার জন্য চরকিকে ধন্যবাদ। আশা করছি গ্রাহকরাও উপভোগ করবেন সিনেমা দুটি।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘উৎসব ও তাণ্ডব দেখে ভালোলাগার কথা জানিয়েছেন দর্শকরা। সিনেমা দুটি নগরের প্রেক্ষাগৃহে অনেক দর্শক দেখলেও জেলা শহর, মফস্বলের দর্শকরা দেখতে পারেননি। রবির মাধ্যমে এই সিনেমা দুটি পৌঁছে যাবে বাংলা কনটেন্টের দর্শকদের হাতের মুঠোয়। আশা করছি উৎসব আর তান্ডব–এ বুঁদ হয়ে থাকবেন দর্শকরা।’
ছবি দুটোর মধ্যে ‘উৎসব’ সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
অন্যদিকে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি ‘তাণ্ডব’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্মাণ সহযোগিতা করেছে দীপ্ত।
‘তাণ্ডব’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম, শিবা শানুসহ অনেকে।







