মহাকাশে জ্বালানি ডিপো বসাতে চান ইলন মাস্ক
মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পৃথিবীর কক্ষপথে মহাকাশযান স্টারশিপ রকেটের জ্বালানি রিফিলের জন্য কক্ষপথে একটি ডিপো বসাতে চেষ্টা করছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ভবিষ্যতের অভিযানকে সহজ করার জন্য এই অরবিটাল প্রোপেল্যান্ট ডিপো তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
সেই সম্ভাবনা থেকেই মাস্ক এমন একটি সিস্টেম তৈরির জন্য কাজ করছেন, যেখানে দুটি বিশাল মহাকাশযান অপেক্ষা করতে পারবে। চাঁদসহ মঙ্গল গ্রহে অভিযানের জন্য দীর্ঘমেয়াদি অভিযানে এই ডিপো কাজে আসবে। একটি সম্পূর্ণরূপে পুনর্ব্যবহারযোগ্য রকেটব্যবস্থা তৈরির অংশ হিসেবে কাজ করবে। এতে মহাকাশযানের পৃথিবীতে ফিরে আসার বদলে মহাকাশ থেকেই জ্বালানি নিয়ে চলার সুযোগ তৈরি হবে।
মহাকাশযাননির্ভর অভিযানের খরচ কমানোর লক্ষ্যে এই পরিকল্পনার কথা জানালেও রিফুয়েলিংয়ের এ ব্যবস্থাকে একটি প্রকৌশল বাধা হিসেবে অভিহিত করেছেন ইলন মাস্ক। এক্ষত্রে মহাকাশযানের পুনর্ব্যবহারযোগ্য তাপ ঢাল ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেছেন, এই কাজ কেউ কখনো আগে করেনি। মহাকাশযানের তাপ ঢাল পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর ক্ষয়প্রাপ্ত হয়। স্টারশিপকে অর্থনৈতিকভাবে কার্যকর করতে এই প্রকৌশল সমস্যা সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টারশিপের লক্ষ্য উৎক্ষেপণের খরচ নাটকীয়ভাবে কমানো। একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট ও বুস্টার সিস্টেম মূল ফ্যালকন ১ রকেটের তুলনায় খরচ কমিয়ে আনবে।







