তথ্যসংকটের কারণে দেশের গবেষকরা পিছিয়ে পড়ছেন বলে মত উপাচার্যের
যবিপ্রবিতে জাপানের ফেলোশিপ ও গবেষণা সংক্রান্ত সেমিনার
- যবিপ্রবিতে জেএসপিএস প্রোগ্রাম ও রিসার্চ ফান্ডিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- তথ্যের অভাব ও কম আবেদনের কারণে জাপানি সুযোগ থেকে পিছিয়ে বাংলাদেশ
- অর্জিত আধুনিক প্রযুক্তি দিয়ে স্বদেশে গবেষণার পরিবেশ তৈরির তাগিদ
জাপানের ফেলোশিপ ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে একটি গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সার্বিক সহযোগিতায় জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এই আয়োজন করে।
২৬ জুলাই , রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "জেএসপিএস প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও ফান্ডিং প্রদান করে। অথচ সঠিক তথ্যের অভাব ও আবেদনের হার কম থাকায় বাংলাদেশ থেকে এ পর্যন্ত খুব কমসংখ্যক গবেষক এই সুযোগ নিতে পেরেছেন। সেমিনার থেকে তরুণ গবেষকরা উচ্চশিক্ষা বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।"
তিনি আরও উল্লেখ করেন যে, জাপানে গবেষণার সময় শেখা আধুনিক প্রযুক্তি ও সংস্কৃতি দেশে ফিরে প্রয়োগ করাই হবে মূল উদ্দেশ্য।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "সঠিক তথ্যের অভাবে যেন আমাদের তরুণ শিক্ষকরা পিছিয়ে না পড়েন, সে জন্যই এই আয়োজন। দেশে ফিরে বিশ্বমানের গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করাই হওয়া উচিত মূল ভিশন।" এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান। বাংলাদেশ জেএসপিএস-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলমের সভাপতিত্বে এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হকের পরিচালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এমএনএইচ/এমআইএস//





