রাত থেকে বন্ধ থাকছে ঢাকার ডাচ-বাংলা ব্যাংকের কিছু বুথ

রাত থেকে বন্ধ থাকছে ঢাকার ডাচ-বাংলা ব্যাংকের কিছু বুথ
২০ জুলাই, ২০২৫ ১৫:২১  
২০ জুলাই, ২০২৫ ১৬:২২  

রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ২১ জুলাই  রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। ২০ জুলাই, রবিবার রাত ৯টা থেকে শুরু হবে রক্ষণাবেক্ষণের কাজ।

ফলে এসময়ে রাজধানীর রামপুরা, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, বাসাবো, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা ও দোহার উপজেলা এবং আশপাশের এলাকার বুথগুলোতে লেনদেনের কাজ বন্ধ থাকবে। এজন্য ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট এলাকার বুথ ও ফাস্ট ট্র্যাক সেবাকেন্দ্রগুলোতে এ বিষয়ে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচ এম সগীর আহমেদ। তিনি বলেছেন, এসময়ের মধ্যে শুধু ব্যাংক লেনদেন চলাকালীন সংশ্লিষ্ট শাখার সিআরএম ব্যবহার করে টাকা জমা ও উত্তোলন করা যাবে। 

এর আগে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ এবং অন্যান্য ব্যাংকিং সেবা সফটওয়্যার উন্নয়ন ও আপগ্রেডের জন্য বিভিন্ন সময়ে বন্ধ ছিল, যার মধ্যে ১ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য ৫ দিনের জন্য সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। এছাড়াও  ৬ থেকে ৮ মে পর্যন্ত সুইচিং সিস্টেম আপগ্রেডের জন্য এটিএম ও সিআরএম সেবা কিছু সময়ের জন্য বন্ধ ছিল।