তিন দাবিতে নেসকো ঘেরাও রুয়েট শিক্ষার্থীদের

তিন দাবিতে নেসকো ঘেরাও রুয়েট শিক্ষার্থীদের
২০ জুলাই, ২০২৫ ১৩:৪৮  
২০ জুলাই, ২০২৫ ১৫:৫০  

ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী- নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। ২০ জুলাই, রবিবার দুপুর ১২টায় নগরীর হেতেমখাঁ এলাকায় এ কর্মসূচী পালনকালে তারা নেসকোর মূল ফটকের সামনের রাস্তা অবরোধ করে রাখে।  

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নেসকো’তে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবী ইঞ্জিনিয়াররা বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, এ ধরনের অনৈতিক প্রক্রিয়া আর সহ্য করা হবে না।

এসময় শিক্ষার্থীরা বলেন, নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এটি চলতে দেওয়া যায় না। এ সময় তারা তিনদফা দাবি তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থী আবু নাঈম বলেন, “আমরা ন্যায্যতা ও স্বচ্ছতার পক্ষে। আমরা তিন দফা দাবি তুলে ধরে আন্দোলন করে আসছি। আমাদের দাবি দ্রুত বাস্তবায়নের করতে হবে। নিয়োগ প্রক্রিয়া যেন রাজনৈতিক ও প্রমোশনাল চাপে ক্ষতিগ্রস্ত না হয় – সেটি নিশ্চিত করতে হবে।” 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- সহকারী প্রকৌশলী (৭ম গ্রেড) পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে। এ পদে কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না; উপ-সহকারী প্রকৌশলী (৮ম গ্রেড) পদে সব ধরনের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে এবং বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।