হাতিরঝিলের চক্রাকার বাসে র‌্যাপিড পাস চালু

হাতিরঝিলের চক্রাকার বাসে র‌্যাপিড পাস চালু
২০ জুলাই, ২০২৫ ১৬:৩৮  
২০ জুলাই, ২০২৫ ১৯:২৫  

২০ জুলাই, রবিবার থেকে রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাসেও চালু হলো স্মার্ট টিকিটিং ব্যবস্থা র‌্যাপিড পাস। বিকেল  ৩টায় হাতিরঝিলের তেজগাঁও অংশে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে মতিঝিল থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির ১০টি বাসে র‌্যাপিড পাস কার্ড চালু করা হয়।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

অনুষ্ঠানে ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে মেট্রোরেলসহ সব গণপরিবহনে যাতায়াত করা যাবে। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। নগদ ও ভাংতি টাকার ঝামেলা নেই। 

তিনি বলেন, এ কার্ড হাতিরঝিল চক্রকার বাসের সব কাউন্টারে পাওয়া যাবে। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের সব শাখা ও মেট্রোরেল স্টেশনগুলো থেকে এ কার্ড সংগ্রহ করা যাবে। মেট্রোরেল লাইন-৬-এ র্যাপিড পাস ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে গড়ে ৬৮% ছাড়িয়ে গেছে এবং কিছু দিনে তা ৭০% এরও বেশি হয়েছে। এছাড়া র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া আদায় এখন মেট্রোরেল ছাড়িয়ে বাস, নৌপথ এবং রেল পরিবহনেও বিস্তৃত হচ্ছে। হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সার্ভিসে র্যাপিড পাসের পাইলট চালু হয়েছে। অচিরেই যাত্রীরা র‌্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করতে পারবেন।