১৪ জুলাই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশের গণিত দল

আইএমও ৬৬তম আসর

১৪ জুলাই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশের গণিত দল
১০ জুলাই, ২০২৫ ১০:০২  
১০ জুলাই, ২০২৫ ১৩:০৪  

আগামী ১৪ জুলাই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৬তম আসরে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশের গণিত দল। ২১তম বারের মতো বাংলাদেশ আইএমওতে অংশ নিচ্ছে। এ বছর অস্ট্রেলিয়ায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ শতাধিক দেশের প্রায় ৬০০ প্রতিযোগী। অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে ১৯ জুলাই পর্যন্ত চলবে এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০২৫। বাংলাদেশ দল ১২ জুলাই মধ্যরাতে অস্ট্রেলিয়ায় উদ্দেশ্যে রওনা দেবেন।

৯ জুলাই, বুধবার বিকেল ৪টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ দলের ছয় সদস্যকে পরিচয় করিয়ে দেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি আবদুল হাকিম খান, কমিটির সদস্য অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, কমিটির সদস্য আজমত ইকবাল, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। বাংলাদেশ দলের সদস্যরা হলো—ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মনামী জামান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী ও রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এম জামিউল হোসেন; চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া ও চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন খান। এছাড়া, যাচ্ছেন– গণিত দলের দলনেতা বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব আলম মজুমদার, উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং পর্যবেক্ষক বাংলাদেশ গণিত অলিম্পয়াডের সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের আইএমওর জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত ডাচ–বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব ২০২৫–এ সারা দেশের ১৮ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫,৫৯৬ শিক্ষার্থী নিবন্ধন করে। সেখান থেকে কয়েক দফায় বাছাই শেষে এই ৬ সদস্যের দল নির্বাচন করে গণিত অলিম্পিয়াড কমিটি।