ভার্চুয়ালি যুক্ত সব মেডিকেল কলেজ; মুখরিত আদ-দ্বীন উইমেন্স ক্যাম্পাস

ভার্চুয়ালি যুক্ত সব মেডিকেল কলেজ; মুখরিত আদ-দ্বীন উইমেন্স ক্যাম্পাস
১৭ জুন, ২০২৫ ১১:১৪  
১৭ জুন, ২০২৫ ১৪:১৮  

করোনার আগাম সতর্কতা হিসেবে ভবিষ্যত চিকিৎসকদের বরণ করে নিতে এবার জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ১৫ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত এই নবিন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজনে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মিলিয়ে দেশের  ১০৪টি মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে চিকিৎসা শিক্ষার আঙিনায় পা রাখতে যাওয়া  ৬০ হাজার ৯৫ জন শিক্ষার্থীকে বরণ করে নেয়ার উৎসব। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৭ জুন।

নবীন বরণ উপলক্ষে রঙ-বেরঙের বেলুন, ফুল ও ফেস্টুনে নতুন রূপে সেজে ওঠে রাজধানীর মগবাজারে স্থাপিত আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ। আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন ১০০ এমবিবিএস শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয় কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের মধ্যে ৭৪ জন দেশি ও ২৬ জন বিদেশি।

হাইব্রিড অনুষ্ঠানে আদ্-দ্বীন মেডিকেল কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মুন্সী। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান।